Showing posts with label রাগাবিতা. Show all posts
Showing posts with label রাগাবিতা. Show all posts

Friday, February 8, 2008

অতঃপর

অতঃপর তাকে বলা হলো নিরব হতে
মাটি কখনো বলে না কথা
এমন কি শহীদের রক্ত ও সেখানে ঘাসে চাপা
অতঃপর তাকে বলা হলো নিরব হতে
বাতাস কখনো গায় না গান
পিছনে রয়ে যাওয়া আর্তনাদ শুনেছো কি?
অতঃপর তাকে বলা হলো নিরব হতে
জলের ভিতরে শতবার কেটে দেখো ক্ষত
চিহ্ন থাকে না অপরাধ কি ক্ষোভের
অতঃপর তাকে বলা হলো জল , মাটি ও বাতাস হতে
তিনি নিরব হলেন কিনা জানি না
বিক্ষুব্ধ মাতৃভূমি জ্বলে ওঠে বার বার
জল, মৃত্তিকা আর বাতাসে স্লোগানে স্লোগানে মুখর
বাঙালী হয়ত কথা বলে না
দেয় না জবাব সুশীল শব্দে
আগুন ও বিসর্জনে কবিতা আপনি থাকে লেখা

Thursday, January 31, 2008

প্রতীক্ষীত ট্রেন

তোমার কবিতার ট্রেন ছেড়ে গেছে কবেই
সমান্তরাল পথ ঘেষে না ছুঁয়ে পাশাপাশি

এখনো বেলঘোর স্টেশনে দাঁড়িয়ে আমার শব্দের বিরহ

দুঃখেরা চৌকাঠ পেরিয়ে আসে রোজ রাতে
শুধু ভালোবাসাটুকুই পায় না টিকেট ব্ল্যাক মার্কেটে

তোমার কবিতার ট্রেন ছেড়ে গেছে কবেই
আমি কখনো দরখাস্ত লিখি স্টেশন মাস্টারের পদে
ভুল করে যদি নিয়েই ফেলে
একদিন ঠিক লাল রঙে থামিয়ে দেবো তোমার চলে যাওয়া

তোমার কবিতার ট্রেন ছেড়ে গেছে কবেই
কাউকে তো থাকতেই হয় অপেক্ষায় ... ... ...

Tuesday, January 29, 2008

অনাঘ্রাতা

আমি তোমাকে কাছে থেকে দেখতে চাই ।
খুব, খুউব কাছে ।

শুনেই পুরুষ সরায় তার দেহ আচ্ছাদন।
পরিচিত অপরিচিত নগ্নতা
তার রুপ সম্ভার নিয়ে দাঁড়িয়ে থাকে নির্বোধ সৌন্দর্য্যে ।

আমি নির্লোভ হতাশায় নয়ন লুকাই অপমানিত বুকে।
দু'ফোটা জলের পর্দা টানি আমাদের মাঝে ।

ও কি বোঝে না ?
মেঘ সরিয়ে নিলে আকাশ হয়ে যায় "মহাশূন্য" !

Saturday, January 26, 2008

ঘষা কাঁচের জীবন

ঘষা কাঁচে জীবন দেখি আজকাল
দুঃখ গুলো তাই ম্যাগ্নেফায়েড

আচ্ছা , ম্যাগ্নেফায়েড মানে কি ?
মেগা স্টারদের মতো ঝলমলে দুঃখ ?
ম্যাগনামের মত অতর্কিত ?
ম্যাগ্নেটের মত বিপ্রতীপ আমাকে ছেড়ে যাবে না কখনো !

আমার উত্তর মেরুতে তোমার নিরাপদ আশ্রয় ।
"আমি উত্তর" জীবনে তোমাকে কাছে পাবো নিশ্চয় ।
সেখানে তুমি নাজুক বিশ্বস্ততায় বলবে ভালোবাসার কথা ।
দক্ষিণে ঝুঁকে আমার কবিতার স্থায়ী নিরবতা ।

বয়সী চশমায় পুনরায় রায় কবে না?
মেয়েটা বোকা ছিলো , বোঝেনি "হবে না"।

ঝুলে যাওয়া চামড়ার ভাঁজে বসে যাওয়া ধুলো
সাক্ষী দেবে আমার অপমান , মেয়েলী ভুল গুলো
সেই যে পায়ে হেঁটে তোমার বাড়ি যাওয়া
সেই যে রাতের পর রাত শুধুই জেগে থাকা
সব হারিয়ে দিনকে দিন দুপুরে না খাওয়া
ভুলে গিয়েও বুকের ভিতর তোমায় ধরে রাখা !

তুমি কি আজ জানালা খুলে বৃষ্টি দেখছো প্রিয় ?
একটু তোমার কার্নিশে কি জল জমেছে রাতে ?
সে কার্নিশে আমার মুখটা পড়েই যদি ধরা ,
একটু তোমার পড়বে মনে ? "যেই মেয়েটা মরা"।
ঘষা কাঁচের আয়নাতে কি কষ্ট থাকে বাঁধা !
আমার নয়ন দেখছে শুধুই শূন্য , ম্যাগ্নেফায়েড !


( কষ্টেও কি ছন্দ থাকে ? ছন্ন ছাড়া শব্দ বাজার
গদ্য দিয়ে হয় যে শুরু , তাও দেখি তাল দিচ্ছে হাজার)